কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমনে এসে সড়ক দুর্ঘটনায় নাবিলা নুসরাত (৩২) নামের এক চিকিৎসকের মৃ/ত্যু হয়েছে।
শনিবার(০৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত নাবিলা বরিশাল সদর উপজেলার ডা. মাইনুল ইসলাম শুভর স্ত্রী।
সে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্যাথলজি (এমডি) বিষয়ে উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য অধ্যয়নরত ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ঢাকার আদাবর থেকে নাবিলা, তার স্বামী শুভ ও আরও দুই সহকর্মী কুয়াকাটা ভ্রমনে এসে একটি অভিজাত আবাসিক হোটেল ওঠেন।
শনিবার বিকালে তারা মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ বিহারে ঘুরতে যান। সন্ধ্যার পরে সেখান থেকে ইজিবাইকযোগে কুয়াকাটা ফেরার পথে বটতলা এলাকায় পৌছলে তাদের ইজিবাইকটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে পড়ে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।
এতে নাবিলার মাথায় গুরুতর জখম হয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কলাপাড়া থানার ওসি তদন্ত ইলিয়াস তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া