৮ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, নগরজুড়ে তীব্র যানজট

Reporter Name / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে বরিশালের ফরচুন সুজ কোম্পানির শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার দুপুরের পর নগরীর নতুন বাজার এলাকায় সড়কে অবস্থান নিলে নগরীর প্রধান সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এতে নতুন বাজার, নথুল্লাবাদসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

বিক্ষোভরত শ্রমিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি কোম্পানি কর্তৃপক্ষের কাছে জানানো হলেও সেগুলোর কোনো কার্যকর সমাধান হয়নি।

বারবার আশ্বাস মিললেও বাস্তবে দাবি বাস্তবায়নের উদ্যোগ না থাকায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

শ্রমিকদের আট দফা দাবির মধ্যে রয়েছে— নির্ধারিত সময়ে বেতন পরিশোধ, সাপ্তাহিক শুক্রবার ছুটি নিশ্চিত করা, বিকেল ৫টার পর ওভারটাইম ভাতা প্রদান, প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট চালু, প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজারের (জিএম) পদত্যাগ, শ্রমিকদের যাতায়াতের পরিবহন ব্যবস্থা উন্নত করা ও ভাড়া কমানো, কর্মক্ষেত্রে হয়রানি ও দুর্ব্যবহার বন্ধ এবং নারী শ্রমিকদের জন্য পৃথক পোশাক পরিবর্তন কক্ষ ও ক্যান্টিনের ব্যবস্থা করা।

হঠাৎ সড়ক অবরোধের কারণে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী, রোগীবাহী যানবাহনসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে দুর্ভোগে পড়েন।

অনেককে বিকল্প সড়ক ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে দেখা যায়।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তারা শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান করছিলেন এবং তাদের কর্মসূচি অব্যাহত ছিল।

দাবি পূরণে কর্তৃপক্ষের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভরত শ্রমিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category