ক্রাইমসিন ডেক্সঃ
বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের সংসদ সদস্য এবং নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের নির্দেশনায় মেহেন্দিগঞ্জ উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির নেতারা।
সোমবার (৬ জুলাই) উপজেলার উত্তর উলানিয়া ও দক্ষিণ উলানিয়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা। এ সময় তাদের সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আহসান হাবিব এবং সহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান বিপ্লব।
পরিদর্শন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে উত্তর উলানিয়া ইউনিয়নের পানবাড়িয়া এলাকায় ইটের ফ্লাড সলিং রাস্তা নির্মাণ, উলানিয়া বন্দরের পয়ঃনিষ্কাশন ড্রেন সংস্কার, উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয় মাঠ ভরাটের জন্য আরসিসি গাইডওয়াল নির্মাণ, উলানিয়া মোজাফফর খান ডিগ্রি কলেজের মজা পুকুর ভরাট, উলানিয়া-হাজিরহাট সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারসহ আরও কয়েকটি উন্নয়ন কাজ।
পরিদর্শন শেষে উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন বলেন, অতীতে অনেক প্রকল্প কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে জনস্বার্থের প্রকল্পগুলো বাস্তবে দৃশ্যমান হচ্ছে। তিনি দাবি করেন, এসব উন্নয়ন কার্যক্রমে প্রতিমন্ত্রী রাজিব আহসানের আন্তরিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে তিনি প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বরদাশ্ত করা হবে না বলেও জানান।
স্থানীয় বাসিন্দারা বলেন, চলমান প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান এবং জনসেবামূলক অবকাঠামোর উন্নয়ন হবে। তারা কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবিব বলেন, জনস্বার্থ বিবেচনায় প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি কাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে এবং শতভাগ মানসম্মত কাজ নিশ্চিত করার চেষ্টা চলছে।
এদিকে, দীর্ঘদিনের প্রত্যাশিত এসব উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে সন্তোষ দেখা গেছে।