কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গুরুত্বপূর্ণ মৎস্য বন্দর, সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন ও পর্যটন অধ্যুষিত এলাকার মহিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে দ্রুত বাস্তবায়নের দাবিতে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জুন) বিকেলে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে স্থানীয় সুধীসমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।
সভায় মহিপুর থানা বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল জলিল হাওলাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী, ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেদায়েত উল্লাহ, লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ কলিমুল্লাহ, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান প্যাদা, মহিপুর এসআরএসবি সমিতি লিমিটেডের সভাপতি সোহাগ হাওলাদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর ইউনিয়ন সভাপতি তোফাজ্জেল হোসাইন সিপাহী, ইসলামী আন্দোলনের নেতা আফজাল হোসেন মুসুল্লিসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মহিপুর-আলীপুর দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র এবং সমুদ্র উপকূলীয় একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল।
একই সঙ্গে কুয়াকাটা পর্যটন কেন্দ্রের প্রবেশদ্বার ও ভৌগোলিক সীমানার মধ্যখান হিসেবে এলাকাটির গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।এই ইউনিয়নগুলো, সাবমেরিন ক্যাবল ল্যান্ডিংস্টেশন,মহিপুর বনবিভাগ, নিজামপুর কোস্ট গার্ড স্টেশন ও কুয়াকাটা পর্যটন এলাকায় বিপুল জনসংখ্যা, বিস্তীর্ণ ভৌগোলিক এলাকা, প্রশাসনিক কার্যক্রমের ব্যাপকতা এবং অর্থনৈতিক সম্ভাবনার কারণে দীর্ঘদিন ধরেই মহিপুর থানাকে উপজেলা ঘোষণার দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা।
বক্তারা আরও বলেন, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন তাঁর নির্বাচনী প্রতিশ্রুতিতে মহিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার অঙ্গীকার করেছিলেন। স্থানীয় জনগণ আশা করছেন, তার এই ওয়াদা সরকারের সংশ্লিষ্ট মহল দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে মহিপুরকে উপজেলা হিসেবে ঘোষণা করবে এবং মহিপুর থানাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন পুরন হবে।
সভায় উপস্থিত বক্তারা মহিপুরকে উপজেলা হিসেবে বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মহিপুর থানাবাসী।
পাশাপাশি সরকারের উচ্চপর্যায়ে স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তের কথাও জানান তারা।
সমন্বয় সভায় মহিপুর থানাধীন চার (মহিপুর সদর, ডালবুগঞ্জ, লতাচাপলী ও ধুলাসার) ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, জেলে প্রতিনিধি ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া পটুয়াখালী।