নিজস্ব প্রতিনিধিঃ
জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালে ৩৫ জন তরুণ-তরুণীকে নিয়ে একটি অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার ৫ ই নভেম্বর হোটেল রিচমার্ট মিলনায়তনে ‘ইনক্লুসিভ ইন্টারেক্টিভ ক্যাপাসিটি বিল্ডিং ডিসকাশনস’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনটির সভাপতি ও প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মাহমুদ এবং সাথী আক্তার যুব সংগঠক । কর্মশালায় লিঙ্গভিত্তিক সামাজিক বৈষম্য ও প্রচলিত ধারণা, সাইবার নিরাপত্তা, ডিজিটাল মাধ্যমে দায়িত্বশীল আচরণ, গণমাধ্যম সম্পর্কে সচেতনতা এবং সামাজিক অ্যাডভোকেসির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
পাশাপাশি অনলাইনে নিরাপদ থাকা, ভুল তথ্য শনাক্ত করা এবং সামাজিক সমস্যা মোকাবিলায় তরুণদের কার্যকর ভূমিকা রাখার বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়। আলোচনার পাশাপাশি বিভিন্ন অংশগ্রহণমূলক সেশনে তরুণ-তরুণীরা নিজেদের মতামত, অভিজ্ঞতা ও ভাবনা তুলে ধরেন। এসব সেশনে নারী-পুরুষের সমান অধিকার, বৈষম্যহীন পরিবেশ তৈরি এবং সামাজিক পরিবর্তনে তরুণদের নেতৃত্বের গুরুত্ব বিশেষভাবে উঠে আসে।
আয়োজকদের মতে, তরুণদের শুধু সামাজিক সমস্যা সম্পর্কে অবহিত করাই নয়, বরং সেসব সমস্যা চিহ্নিত করা, দায়িত্বশীলভাবে মতামত প্রকাশ করা এবং ইতিবাচক পরিবর্তনে উদ্যোগী হওয়ার সক্ষমতা তৈরি করাও এ কর্মশালার অন্যতম লক্ষ্য।
‘সমতায় তারুণ্য’ উদ্যোগের আওতায় আয়োজিত এ কার্যক্রমটি নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল ও জাগো ফাউন্ডেশনের যৌথ অংশীদারত্বে পরিচালিত হচ্ছে। উদ্যোগটির লক্ষ্য তরুণ-তরুণীদের সম্পৃক্ততার মাধ্যমে জেন্ডার সমতা, অধিকার সচেতনতা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।