নিজস্ব প্রতিবেদক, এস আল-আমিন খাঁন, পটুয়াখালীঃ
আধিপত্যবাদবিরোধী আন্দোলনের শহীদ শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে পটুয়াখালীতে ‘মার্চ ফর হাদি’ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে সাধারণ সচেতন শিক্ষার্থীবৃন্দ, পটুয়াখালীর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় পটুয়াখালীর ঝাউতলার হৃদয় তরুয়া চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনানী এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা শহীদ ওসমান হাদির স্মরণে বিভিন্ন স্লোগান দেন এবং হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন।
কর্মসূচিতে ছাত্রনেতা তোফাজ্জেল হোসেন, মো. কাওছার আহমেদ, রিয়াদ আজাদ, মো. ইব্রাহিম শরিফ, মো. মাহমুদুল হাসান, মো. সাকিব বিল্লাহ ও আসিবুল ইসলাম তালুকদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে ছাত্রনেতা তোফাজ্জেল হোসেন আন্দোলনের পক্ষ থেকে ৩ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—আগামী ডিসেম্বরের মধ্যে শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করতে হবে, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং শাপলা গণহত্যা, পিলখানা গণহত্যা ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে।
বক্তারা বলেন, অবিলম্বে এসব দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের এই আন্দোলন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।