মো. হাফিজুল ইসলাম শান্ত, গলাচিপা প্রতিনিধিঃ
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের প্রতিনিধি হিসেবে দায়িত্বপ্রাপ্ত আবু নাঈমকে গলাচিপায় গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় গলাচিপা উপজেলা অফিসার্স ক্লাবে গণঅধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের নেতা হাফিজুর রহমান, উপজেলা শাখার সদস্য সচিব মো. জাকির মুন্সী, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. রাসেল প্যাদা ও সদস্য সচিব মো. আবুল হোসেন, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. আমির হোসেন ও সদস্য সচিব নাজমুল হাসান, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ বিল্লাহ, তাওহীদ ইমরান, চরকাজল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্লা, পৌর গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. রেজাউল হাওলাদার, পৌর যুব অধিকার পরিষদের সভাপতি মো. মেহেদী হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে পটুয়াখালী থেকে গলাচিপায় পৌঁছানোর পথে বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে আবু নাঈমকে বরণ করে নেন। এ সময় সড়কের বিভিন্ন পয়েন্টে তাকে স্বাগত জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু নাঈম বলেন, “প্রতিমন্ত্রী নুরুল হক নুর মহোদয় আমাকে গলাচিপা-দশমিনা উপজেলার জনকল্যাণমূলক, সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম সমন্বয় এবং জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষার যে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন, তা আমি সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব। দল-মত নির্বিশেষে সকল নাগরিকের সেবা নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর। এ কাজে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, জনসেবা এবং সাধারণ মানুষের সমস্যার সমাধানে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের শুরুতে নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে আবু নাঈমকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানান। পরে উপস্থিত নেতৃবৃন্দ তার প্রতি শুভকামনা জানিয়ে বক্তব্য রাখেন।